চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে খাদ্যে ভেজাল, এমবিবিএস ডিগ্রি ছাড়াই ‘ডা.’ পদবি ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন এবং অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অপরাধে নিউ ইমরান স্টোরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও ‘ডা.’ পদবি ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় জানকি মেডিকেল হলের মালিক বিপ্লব আচার্যকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহার করার অপরাধে ওলি উল্লাহ স্টোরের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকেরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে। সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।


















