বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ বস্তা চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার রঘুশারদিঘী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওلا।
উপজেলা খাদ্য প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল সঠিকভাবে বিতরণ করা হচ্ছে কি না, তা তদারকির অংশ হিসেবে রঘুশারদিঘী এলাকায় পরিদর্শনে যান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা। এ সময় তাঁর উপস্থিতি টের পেয়ে সুবিধাভোগীদের কাছ থেকে অবৈধভাবে চাল কেনাবেচায় জড়িত ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থলে থাকা ৩০ কেজি ওজনের ১০টি বস্তা থেকে মোট ৩০০ কেজি চাল উদ্ধার করে জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা বলেন, জব্দ করা চালের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরুখ খানের সঙ্গে আলোচনা করে স্থানীয় এতিমখানায় বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে যেকোনো ধরনের অনিয়ম, অবৈধ কেনাবেচা ও পাচার রোধে খাদ্য প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


















