বগুড়ার আদমদীঘিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শয়নকক্ষে ঢুকে ফাতেমা বেগম নামের এক গৃহবধূকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কেশরতা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ফাতেমা বেগম ওই গ্রামের হামিদুল ইসলাম শেখের স্ত্রী। এ ঘটনায় ফাতেমা বেগমের স্বামী হামিদুল ইসলাম বাদী হয়ে রবিউল ফকির, শাহিনুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কেশরতা গ্রামের হামিদুল ইসলাম শেখ ও রবিউল ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে হামিদুল ইসলাম খাবার খেয়ে ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন ঘরের দরজা লাথি মেরে ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ফাতেমা বেগমের পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা, মারধর এবং ঘরে লুটপাট চালায় বলে অভিযোগ করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।


















