বগুড়ার দুপচাঁচিয়ার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সামাজিক সচেতনতাবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে সভায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর অপরাধের মতো নানা সামাজিক ব্যাধির বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান। তিনি বলেন, সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়তে শিক্ষার্থীদেরই প্রথম এগিয়ে আসতে হবে। কোনো অবস্থাতেই মাদক, ইভটিজিং বা কিশোর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো যাবে না। পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে দেশপ্রেমিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মল্লিক। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বাল্যবিবাহ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড দেখলে তাৎক্ষণিক পুলিশ বা স্থানীয় জনপ্রতিনিধিদের জানানোর পরামর্শ দেন।


















