সোমবার সকালে তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার কবলে চট্টগ্রাম নগরীর বেশ কিছু এলাকা। নগরীর নিচু এলাকাগুলো তলিয়েছে হাঁটু থেকে কোমর সমান পানিতে। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। সময়মতো নর্দমা পরিষ্কার না করা এবং অপরিকল্পিত নগরায়নকে দুষছেন তারা।
চট্টগ্রাম নগরীতে সোমবার ভোর থেকে শুরু হয় বিরামহীন বৃষ্টি। যা চলে টানা তিন ঘণ্টা। সোমবার সকাল নয়টা পর্যন্ত ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
আর তাতেই নগরীর আগ্রাবাদ, পাঁচলাইশ, কাতালগঞ্জ ও হালিশহরের বিভিন্ন নিচু এলাকায় পানি জমে। কোথাও হাঁটু পানি। কোথাও আবার কোমর পর্যন্ত পানি জমেছে রাস্তায়। সড়ক আর পাশের নালা মিলেমিশে একাকার।
এতে ভোগান্তি চরমে ওঠে এসব এলাকার বাসিন্দাদের। যারা নানা কাজে পথে নামতে বাধ্য হয়েছেন, তারাই নাকাল হয়েছেন। রাস্তায় জমা পানিতে আটকে যায় অনেক যানবাহনও।
বেশি সংকটে সিএনজি অটোরিকশা চালকরা। বিকল হয়েছে অনেক গাড়ির ইঞ্জিন।
একটু বৃষ্টিতেই এমন ভোগান্তির স্থায়ী সমাধান কি – তা নিয়ে স্পষ্ট কোন বক্তব্য নেই নগর কর্তৃপক্ষের।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইকতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘সংকট সমাধানের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।’
গত প্রায় এক দশক ধরে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের চারটি প্রকল্পের প্রায় ৮৫ ভাগ কাজ শেষ হয়েছে। ব্যয় হচ্ছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। কিন্তু তারপরও মুক্তি নেই জলাবদ্ধতা থেকে।





















