চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পাওয়ার ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নজরে আসে।
উদ্ভূত পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির শতভাগ জিপিএ-৫ অর্জনের বিষয়টির সার্বিক সত্যতা যাচাই ও ঘটনার ব্যাখ্যা চেয়ে স্কুল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। রোববার (১৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বোর্ডের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ফলাফল ও সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা চাওয়া হয়েছে। শোকজের জবাব ও যাচাই-বাছাইয়ের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ বিষয়ে স্কুলটির প্রধান শিক্ষক মো. ইমন আহমেদ বলেন, ‘শোকজের বিষয়ে আমরা অবগত আছি। ৪৮৫ জন শিক্ষার্থীর মধ্যে ১০৩ জন টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় তাদের বাদ দিয়ে ৩৮২ জন শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করানো হয়। পরীক্ষায় অংশ নেওয়া সবাই জিপিএ-৫ পেয়েছে। এটা নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। আমাদের সব কার্যক্রমে স্বচ্ছতা রয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডকে জবাব দেব।

















