শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেট ও আইফোনের বড় একটি চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৭৮২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন উদ্ধার করা হয়।
এছাড়া ব্যাগেজ বেল্ট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট পাওয়া গেছে। সোমবার সকাল ৯টা ২০ মিনিটে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থাগুলোর গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG-148-এর তিন যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
তিনি জানান, তল্লাশির সময় তিন যাত্রীর ব্যাগেজ থেকে ৭৮২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন উদ্ধার করা হয়। একই সময়ে ব্যাগেজ বেল্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট পাওয়া যায়। সিগারেট বহনে জড়িত তিন যাত্রী হলেন ফেনীর ছাগলনাইয়ার মঈনুল আবদিন ও আব্দুল মান্নান এবং ফেনী সদরের নুরুল আলম রিয়াদ। উদ্ধার করা সিগারেটের বাজারমূল্য ৩৬ লাখ ৪ হাজার টাকা এবং ১৩টি আইফোনের মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
জব্দ করা পণ্য ডিটেনশন মেমোরেন্ডামের মাধ্যমে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আটক তিন যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ।

















