সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশা চার্জ দিলে জরিমানার বিধান করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ করলে এসব অটোরিকশার নিবন্ধন দেওয়া হবে না।
নিবন্ধনের পর নবায়নও করা হবে না। সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের সৌরবিদ্যুৎ ব্যবহার-সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত ই-রিকশাগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি করপোরেশন ও পৌরসভার আওতায় নিবন্ধনের আওতায় আনা হচ্ছে।
নিবন্ধনের ক্ষেত্রে শর্ত থাকবে, এসব যানবাহন সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ দিতে হবে। তিনি বলেন, ‘সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো বিদ্যুৎ দিয়ে রিচার্জ করলে এসব ব্যাটারিচালিত বা ই-রিকশাকে আমরা নিবন্ধন দেব না এবং নবায়নও করব না। ’ সৌরবিদ্যুতের পরিবর্তে অন্য উৎসের বিদ্যুৎ দিয়ে চার্জ করলে জরিমানার বিধানও রাখা হচ্ছে জানিয়ে মীর শাহে আলম বলেন, ‘তারা সৌরবিদ্যুতের বাইরে অন্য বিদ্যুৎ দিয়ে চার্জ করলে যে জরিমানা হবে, সেটিও আইনে থাকবে।
’ তিনি বলেন, যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে ঢাকাকে আটটি জোনে বিভক্ত করতে চায় সরকার। এক জোনের ই-রিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না। এ সময় পর্যায়ক্রমে দেশের ১৩টি সিটি করপোরেশনে এই ব্যবস্থা বাস্তবায়ন করা হবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, চলতি অর্থবছরেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে চায় সরকার।
নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলেই ভোটের সময় নির্ধারণ করা হবে। উল্লেখ্য, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা খরচ হবে। এ অর্থ চলতি অর্থবছরের বাজেটেই বরাদ্দ রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।



















