রাজধানীর অলিগলি থেকে জেলা-উপজেলার প্রধান সড়ক—সর্বত্রই এখন ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও অটোরিকশার দাপট। সস্তা ভাড়া ও সহজলভ্যতার কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে এসব যান।
তবে এর আড়ালে তৈরি হয়েছে নতুন সংকট। নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে চলা ব্যাটারিচালিত যানবাহনের চার্জিংয়ে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর বাড়ছে চাপ। এর বড় অংশই অবৈধ সংযোগের মাধ্যমে চার্জ হওয়ায় সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব। একই সঙ্গে ওভারলোড হচ্ছে স্থানীয় ট্রান্সফর্মার, বাড়ছে ভোল্টেজের ওঠানামা ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন।















