পরিবেশ সুরক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা বাড়াতে ঝিনাইদহের শৈলকুপায় ঢাকাভিত্তিক সামাজিক সংগঠন ৩ নং দিগনগর ইউনিয়ন কল্যাণ সংস্থার উদ্যোগে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রায় ৮০০টি গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মো. ফারুক উর রশিদ, সাংগঠনিক সম্পাদক কেমিস্ট মো. শাহাবুদ্দিন আহমেদ শিহাব, কোষাধ্যক্ষ জনতা ব্যাংকের সিনিয়র অফিসার বিএম আব্দুর রহমান লিটন, নির্বাহী সদস্য মো. মফিজুর রহমান সম্রাট ও মো. সাইফুল ইসলাম।
এছাড়া সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো. মহিউদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। শিক্ষার্থীরা নিজ হাতে গাছ লাগিয়ে এর পরিচর্যা করলে একদিকে যেমন সবুজ পরিবেশ গড়ে উঠবে, অন্যদিকে তাদের মধ্যেও পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হবে।
সংগঠনের এই সামাজিক উদ্যোগে অনুপ্রাণিত হয়ে এক বিশিষ্ট শিল্পপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আগুনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আগামী সপ্তাহের মধ্যে আরও ২৫০টি গাছের চারা বিতরণের প্রতিশ্রুতি দেন। এদিকে কর্মসূচিতে অংশ নেওয়া কোমলমতি শিক্ষার্থীরা জানায়, গত বছরও তারা সংগঠনটির পক্ষ থেকে গাছের চারা পেয়েছিল। নিজেদের হাতে লাগানো সেই গাছগুলোর পরিচর্যা করে ইতোমধ্যে অনেক গাছ থেকে ফল পেতে শুরু করেছে তারা।
এতে আনন্দের পাশাপাশি নতুন করে বৃক্ষরোপণে তাদের আগ্রহও বেড়েছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

















