নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইকে কেন্দ্র করে বিরোধের জেরে নাছিমা বেগম (৫২) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেবর ও স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের দেবর আলাউদ্দিন, তার স্ত্রী জোসনা খাতুন ও মেয়ের জামাই শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে উপজেলার আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আমলাবো এলাকায় নাছিমার স্বামী বাবুল মিজির বাড়ির দোতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ছাদের কিছু অংশ নিজের জমির সীমানায় পড়েছে দাবি করে কাজে বাধা দেন বাবুলের ভাই আলাউদ্দিন। এ নিয়ে নাছিমার সঙ্গে আলাউদ্দিন ও তার স্বজনদের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে আলাউদ্দিন, তার স্ত্রী, মেয়ে ও মেয়ের জামাই মিলে নাছিমাকে লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে রাতে আমলাবো এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দিন, তার স্ত্রী জোসনা খাতুন ও মেয়ের জামাই শাকিলকে গ্রেফতার করে পুলিশ।
নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ছাদ ঢালাইয়ের সীমানা নিয়ে বিরোধের জেরে নাছিমাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী বাবুল মিজি বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।
ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।















