বাংলাদেশের লোকসংস্কৃতি হলো হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও জীবনদর্শনের এক অমূল্য সম্পদ। দেশের প্রতিটি অঞ্চলই নিজস্ব ভৌগোলিক পরিবেশ, জীবিকা, সামাজিক রীতি এবং মানুষের জীবনসংগ্রামের মধ্য দিয়ে তাদের নিজস্ব লোকসংস্কৃতি গড়ে তুলেছে।
পাবনা জেলার সুজানগর উপজেলার বিস্তীর্ণ গাজনার বিলও তেমনি একটি ঐতিহ্যবাহী জনপদ, যেখানে জল, মাটি, কৃষি, মাছ, নৌকা এবং মানুষের জীবন একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে রয়েছে। এই বিলকে ঘিরে গড়ে ওঠা লোকসংস্কৃতি কেবল কয়েকটি গান, উৎসব কিংবা লোককথার সমষ্টি নয়; বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের অভিজ্ঞতা, বিশ্বাস, শ্রম, আনন্দ, বেদনা এবং সামাজিক সম্পর্ককে ধারণ করে আসছে।
লোকসংস্কৃতি মূলত সাধারণ মানুষের জীবনচর্চার ফসল। শিক্ষিত সমাজের লিখিত ইতিহাসের বাইরে গ্রামীণ মানুষের মুখে মুখে প্রচলিত গান, ছড়া, প্রবাদ, লোককথা, আচার-অনুষ্ঠান, উৎসব, খেলাধুলা, খাদ্যাভ্যাস, পোশাক, ভাষা এবং সামাজিক রীতিনীতিই লোকসংস্কৃতির প্রধান উপাদান। গাজনার বিলের মানুষের জীবন ছিল প্রকৃতিনির্ভর। তাই এখানকার লোকসংস্কৃতির প্রতিটি স্তরে প্রকৃতির গভীর প্রভাব লক্ষ্য করা যায়।
বর্ষার জল, শীতের ফসল, বসন্তের নতুন প্রাণ, গ্রীষ্মের খরতাপ—প্রতিটি ঋতুই মানুষের জীবন ও সংস্কৃতিকে ভিন্ন ভিন্ন রূপ দিয়েছে। বিখ্যাত লোকসাহিত্যবিশারদ মুহম্মদ মনসুর উদ্দিন এই গাজনার বিলেরই সন্তান। বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত ‘মুহম্মদ মনসুর উদ্দিন রচনাবলি’র ‘পঁচিশে মার্চ’ নামক উপন্যাসে তিনি চমৎকারভাবে গাজনার বিলের লোকসংস্কৃতি ফুটিয়ে তুলেছেন।
বাউল কবি গোলাম মোর্তজা গাজনার বিলকে কেন্দ্র করে ৩২ পৃষ্ঠার একটি ক্ষুদ্র পুস্তিকা প্রকাশ করেছেন। বর্ষাকালে গাজনার বিল বিশাল জলরাশিতে পরিণত হয়। চারদিকে যতদূর চোখ যায়, শুধু পানি আর পানি। অনেক গ্রাম দ্বীপের মতো বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন নৌকাই মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম। কৃষক মাঠে যান নৌকায়, জেলে মাছ ধরতে যান নৌকায়, ব্যবসায়ী হাটে যান নৌকায়, এমনকি অনেক শিক্ষার্থীও বিদ্যালয়ে যেত নৌকায় চড়ে।
এই নৌকাকেন্দ্রিক জীবনযাপন থেকেই জন্ম নিয়েছে ভাটিয়ালি ও সারি গানের মতো লোকসংগীত। মাঝিরা দীর্ঘ পথ পাড়ি দিতে দিতে সুরেলা কণ্ঠে গান ধরতেন— ‘আমার ছোট্ট নৌকায়—আয় কে যাবি আয়, আমি যাচ্ছি হাটে—হাট করিতে, সময় বেশি নাই! ’ আর সেই গানে থাকত নদী-বিলের সৌন্দর্য, প্রিয়জনের জন্য অপেক্ষা, জীবনের কষ্ট, আল্লাহর প্রতি ভরসা এবং প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা।
বৈঠার তালে তালে সারিগান গেয়ে মাঝিরা একসঙ্গে নৌকা চালাতেন— ‘আল্লাহর নামে ছাড়লাম নাও—দে রে দে রে টান, গলা শুকাইলে খাইয়া লইয়ো লাল চাঁদের মার পান, হেইয়ো রে হেইয়ো—’ এসব গান কেবল বিনোদন নয়, শ্রমকে সহজ করারও একটি মাধ্যম ছিল। গাজনার বিলের অন্যতম ঐতিহ্য ছিল নৌকাবাইচ। বর্ষার শেষভাগে বা বিশেষ উৎসব উপলক্ষে বিভিন্ন গ্রামের মানুষ লম্বা সরু নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতেন।
প্রতিটি নৌকায় বহু বৈঠিয়াল একযোগে বৈঠা চালাতেন। ঢোল, করতাল, শিঙ্গা এবং হাজারো দর্শকের করতালিতে মুখরিত হয়ে উঠত বিলের চারপাশ। আর সম্মিলিত কণ্ঠে গেয়ে উঠত জারি-সারি গান—গ্রামের ছেলে-মেয়েরা সে গানের সুরে ছুটে আসত বাড়ির বাইরে। এ বিলের নৌকাবাইচ ছিল শুধু একটি খেলা নয়—এটি ছিল গ্রামের সম্মান, ঐক্য এবং পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক।
একটি গ্রামের বিজয়কে পুরো গ্রামের মানুষ নিজেদের গৌরব বলে মনে করতেন। গাজনার বিলের লোকসংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো কৃষিজীবন। বর্ষার পানি নেমে গেলে উর্বর মাটিতে শুরু হয় ধান, পেঁয়াজ, রসুন, সরিষা, গম, ডাল ও বিভিন্ন সবজির চাষ। আর এই ফসলের ক্ষেত থেকে ভেসে আসত কৃষকের কণ্ঠে মিষ্টি সুরেলা গান। নতুন ধান ঘরে তোলার পর নবান্ন উৎসব পালিত হতো।
নতুন চালের ভাত, পায়েস, চিতই পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, পুলি ও অন্যান্য পিঠা তৈরি করা হতো। আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং দরিদ্র মানুষের মধ্যে নতুন ফসল ভাগ করে দেওয়ার রীতি ছিল সামাজিক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। কৃষকেরা নতুন ফসল ঘরে তুলে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। এই কৃষিভিত্তিক লোকাচার আজও অনেক পরিবারে টিকে আছে।
একসময় গাজনার বিল ছিল দেশীয় মাছের অফুরন্ত ভাণ্ডার। বোয়াল, রুই, কাতলা, মৃগেল, শোল, গজার, টাকি, কই, শিং, মাগুর, টেংরা, পাবদা, ফলি, চিংড়ি, পুতুল, আইড়, নয়না, কৈ, গুরুপিয়ালি, মলা, চ্যালা, টাটাটকিনি সহ নানা প্রজাতির মাছ বিলে পাওয়া যেত। মাছ ধরাকে কেন্দ্র করেও গড়ে উঠেছিল এক সমৃদ্ধ লোকসংস্কৃতি। বেড়জাল, পুঁটিজাল, পলো, চাই, ঘুনি, বরশি, খেয়াজাল, টানাজালসহ বিভিন্ন ঐতিহ্যবাহী মাছ ধরার সরঞ্জাম ব্যবহার করা হতো।
শীতকালে দলবেঁধে পলো দিয়ে মাছ ধরার দৃশ্য ছিল অত্যন্ত আনন্দঘন। গ্রামবাসী একত্রে মুক্ত জলাশয়ে মাছ ধরতেন, পরে সেই মাছ বাড়িতে এনে ভাগাভাগি করে নিতেন। এটি ছিল শুধু জীবিকার উপায় নয়, সামাজিক মিলনমেলারও একটি বিশেষ উপলক্ষ। গাজনার বিলের গ্রামীণ মেলা ছিল লোকসংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র। ঈদ, নবান্ন, বাংলা নববর্ষ, ওরস কিংবা অন্যান্য সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলা বসত।
সেখানে নাগরদোলা, লাঠিখেলা, কুস্তি, পুতুলনাচ, যাত্রাপালা, কবিগান, জারি-সারি গান, বাউলগান এবং লোকনাট্যের আসর বসত। বাঁশ ও বেতের তৈরি সামগ্রী, মাটির হাঁড়ি-পাতিল, কাঠের খেলনা, বাঁশি, শঙ্খ, কাঁচের চুড়ি, মিষ্টান্ন ও স্থানীয় কৃষিপণ্য বিক্রি হতো। এসব মেলা শুধু কেনাবেচার স্থান ছিল না; বরং গ্রামীণ সমাজের মিলনকেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।
গাজনার বিলের মানুষের মুখে মুখে প্রচলিত ছিল অসংখ্য লোককথা, কিংবদন্তি ও প্রবাদ-প্রবচন। বিলের উৎপত্তি, প্রাচীন বসতি, রহস্যময় স্থান, আকস্মিক ঝড় কিংবা জেলেদের বিচিত্র অভিজ্ঞতা নিয়ে নানা গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রচলিত রয়েছে। সন্ধ্যার পর উঠোনে বসে দাদা-দাদি বা নানা-নানির মুখে এসব গল্প শুনে বড় হয়েছে অনেক শিশু। এই মৌখিক ঐতিহ্যই লোকসাহিত্যের গুরুত্বপূর্ণ অংশ।
খাদ্যসংস্কৃতিতেও গাজনার বিলের স্বাতন্ত্র্য রয়েছে। টাটকা দেশীয় মাছ, নতুন চালের ভাত, পান্তা, শাপলা, কচুশাক, কলমিশাক, হেলেঞ্চা, বিভিন্ন জলজ উদ্ভিদ এবং নবান্নের পিঠাপুলি এখানকার মানুষের খাদ্যাভ্যাসের অংশ। বর্ষাকালে মাছ আর শাপলার তরকারি, শীতে নতুন চালের ভাত ও পিঠা—ঋতুভেদে খাবারের বৈচিত্র্য লোকজ সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।
পোশাক, ভাষা ও আঞ্চলিক শব্দভাণ্ডারও গাজনার বিলের লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান। প্রবীণ পুরুষেরা লুঙ্গি, গামছা ও ধুতি ব্যবহার করতেন; নারীরা পরতেন সুতির শাড়ি। কথ্য ভাষায় বহু আঞ্চলিক শব্দ ও প্রবাদ ব্যবহৃত হতো, যা এই অঞ্চলের স্বতন্ত্র পরিচয় বহন করে। গাজনার বিলের মানুষের সামাজিক জীবনে পারস্পরিক সহযোগিতা ছিল অত্যন্ত শক্তিশালী।
ধান কাটা, ঘর তোলা, বিয়ের অনুষ্ঠান, বিপদের সময় সাহায্য—সব ক্ষেত্রেই মানুষ একে অপরের পাশে দাঁড়াত। ধর্মীয় সম্প্রীতিও ছিল উল্লেখযোগ্য। মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম পালন করলেও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার ঐতিহ্য দীর্ঘদিন ধরে বজায় ছিল। বর্তমানে আধুনিক প্রযুক্তি, নগরায়ণ, নিষিদ্ধ বিষপ্রয়োগ, জলাভূমি সংকুচিত হওয়া, দেশীয় মাছের বিলুপ্তি, লোকশিল্পীদের সংখ্যা কমে যাওয়া এবং জীবনযাত্রার পরিবর্তনের কারণে গাজনার বিলের বহু লোকঐতিহ্য হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
একসময়ের ভাটিয়ালি গান আজ খুব কমই শোনা যায়, নৌকাবাইচের আয়োজনও আগের তুলনায় বিরল। অনেক লোককথা, আঞ্চলিক শব্দ ও লোকগান প্রবীণদের স্মৃতির সঙ্গে হারিয়ে যাচ্ছে। তাই এই ঐতিহ্য সংরক্ষণে গবেষণা, তথ্য সংগ্রহ, প্রবীণদের সাক্ষাৎকার, লোকগান লিপিবদ্ধকরণ, সাংস্কৃতিক উৎসবের আয়োজন এবং বিদ্যালয় পর্যায়ে স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি শিক্ষার উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
এই গাজনার বিলের লোকসংস্কৃতি কেবল একটি বিলাঞ্চলের সাংস্কৃতিক পরিচয় নয়, এটি বাংলাদেশের জলাভূমিনির্ভর সভ্যতার এক অমূল্য দলিল। এই ঐতিহ্যের মধ্যে লুকিয়ে আছে মানুষের প্রকৃতিপ্রেম, শ্রমের মর্যাদা, সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং জীবনসংগ্রামের ইতিহাস। তাই গাজনার বিলের লোকসংস্কৃতিকে সংরক্ষণ করা মানে শুধু অতীতকে স্মরণ করা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষা করা।














