সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি ও গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) দিয়ে তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ‘মঞ্চ ২৪’ নামের একটি সংগঠনের আহ্বায়ক ফাহিম ফারুকীর বিরুদ্ধে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. সিফাত হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত ফাহিম ফারুকীও একই শিক্ষাবর্ষের ছাত্র। এই ঘটনায় আজ বুধবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন সিফাত হোসেন। অভিযোগপত্র ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে সিফাত হোসেন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ‘ভুয়া ব্যবসায়ী’ ও ‘হাদী ব্যবসায়ী’দের নিয়ে একটি পোস্ট দেন।
সিফাতের দাবি, ওই পোস্টে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা সংগঠনের নাম উল্লেখ করা হয়নি। তবে পোস্টটি দেওয়ার পর থেকেই ফাহিম ফারুকী তাকে নানাভাবে হুমকি দিতে শুরু করেন। লিখিত অভিযোগে সিফাত হোসেন উল্লেখ করেন, ফাহিম ফারুকী তাকে ১০ লাখ টাকার মানহানির মামলার ভয় দেখান। এ ছাড়া তাকে ডিজিএফআই ও এনএসআই দিয়ে বাসা থেকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ফাহিম ফারুকী নিজেকে ক্ষমতাধর দাবি করে বলেন, বর্তমান প্রশাসন আমার পকেটে এবং সিফাতকে যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে বলেন, যা প্রাণনাশের হুমকির শামিল বলে ভুক্তভোগী মনে করছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফাহিম ফারুকী হুমকির বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, উল্টো সিফাতই আমাকে হুমকি দিয়েছে। বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি।
বর্তমানে আমি একজন রাজনৈতিক কর্মী এবং সংবেদনশীল অবস্থানে থাকায় বিষয়টি প্রশাসনের নজরে আনা প্রয়োজন মনে করেছি। প্রশাসন ইতিমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, এক শিক্ষার্থীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা অভিযোগকারীর সঙ্গে কথা বলেছি। অভিযুক্ত শিক্ষার্থী বর্তমানে রাজশাহীর বাইরে আছে।
সে ফিরলে দুই পক্ষকে মুখোমুখি বসিয়ে প্রকৃত ঘটনা যাচাই করা হবে। এরপর নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।















