জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে অস্ট্রিয়া সীমান্তবর্তী মনোরম আলগয়ে শহরে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক প্যানোরামা দূরপাল্লার ম্যারাথনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা হাতে অংশ নিয়েছেন জার্মানি প্রবাসী দৌড়বিদ শিব শংকর পাল।
এটি ছিল তার ব্যক্তিগত ১৪২তম আন্তর্জাতিক ম্যারাথন। গত ৯ আগস্ট (রোববার) অনুষ্ঠিত ৪২ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনটি আলগয়ের প্রাণকেন্দ্র ইমেন্সস্ট্যাডার সড়ক থেকে শুরু হয়ে হুইটেরবার্গ, ওয়ার্ল্ডকাপহুইটে, ব্যার্গহাউস সোয়াবেন, ফ্রাইবুর্গার আলপে, লকবাখটাল ও বলস্টারলাঙ্গ চৌরাস্তা অতিক্রম করে শহরের কেন্দ্রীয় স্টাডিওনভেগে গিয়ে শেষ হয়।
সমতল ভূমি ও আল্পস পর্বতমালার উঁচুনিচু পথ মিলিয়ে আয়োজিত এ প্রতিযোগিতা দৌড়বিদদের জন্য ছিল বেশ চ্যালেঞ্জিং। সাধারণত পাহাড়ি পথে দীর্ঘ দৌড় সম্পন্ন করতে বাড়তি শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তার প্রয়োজন হয়। তবে অভিজ্ঞ দৌড়বিদ শিব শংকর পাল প্রতিকূল পথ অতিক্রম করে বাংলাদেশের পতাকা হাতে সফলভাবে ফিনিশিং লাইন স্পর্শ করেন। আলগয়ের এই ম্যারাথন শিব শংকর পালের জন্য বিশেষভাবে স্মরণীয়।
এর আগেও তিনি একাধিকবার এ প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলভাবে দৌড় শেষ করেছেন। ঢাকার নবাবগঞ্জে ১৯৬৫ সালে জন্মগ্রহণকারী শিব শংকর পাল বর্তমানে জার্মানিতে বসবাস করছেন। ম্যারাথনে অংশগ্রহণের সময় তার স্ত্রী শিখা শংকর পাল, সন্তান মাক্সি, দিব্য ও ত্রয়ীসহ স্বজন এবং প্রবাসী বাংলাদেশিরা তাকে উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন। ম্যারাথন শেষে শিব শংকর পাল বলেন, আমি জার্মানিতে বসবাস করলেও হৃদয়ে সবসময় বাংলাদেশকে ধারণ করি।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা তুলে ধরতে পারলেই আমি গর্ব অনুভব করি। আন্তর্জাতিক ম্যারাথনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে ইতিবাচকভাবে তুলে ধরতে পারাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি আরও বলেন, দেশের জন্য যার যার অবস্থান থেকে সর্বোচ্চ অবদান রাখা উচিত। আমি আমার সামর্থ্য অনুযায়ী সেই চেষ্টা করে যাচ্ছি। সামনে ১৫০তম আন্তর্জাতিক ম্যারাথনের মাইলফলক স্পর্শ করতে চাই।
এজন্য দেশবাসীর দোয়া ও শুভকামনা কামনা করছি।

















