ভালো চাকরির প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি তরুণী। বুধবার (১২ আগস্ট) দুপুরে ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ কর্তৃপক্ষ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান। ফেরত আসা তিন তরুণী হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রিয়া খাতুন (২৫), নড়াইল জেলার পিরোলী গ্রামের আব্দুর রউফ মুন্সির মেয়ে শিল্পী খাতুন একা (২৬) এবং পাবনা জেলার গারুরি গ্রামের হাসেম সরদারের মেয়ে শিমলা খাতুন (২৬)।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, তারা বিউটি পার্লারে ভালো চাকরির আশায় দালালদের খপ্পরে পড়ে পাসপোর্ট ও ভিসা ছাড়াই সীমান্তের অবৈধ পথে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের বিভিন্ন শহরে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন। তিনি বলেন, রিয়া খাতুন মুম্বাইয়ের একটি বিউটি পার্লারে কাজ করার সময় আটক হয়ে এক বছর এক মাস কারাভোগ করেন।
অন্যদিকে শিল্পী খাতুন ও শিমলা খাতুন মহারাষ্ট্রের পুনে শহরে বিউটি পার্লারে কাজ করার সময় আটক হন এবং আট মাস কারাভোগ করেন। পরবর্তীতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগ ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার তারা দেশে ফেরেন। ফেরত আসা তরুণীদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কো-অর্ডিনেটর মুহিত চৌধুরী জানান, তাদের প্রথমে যশোরে সংস্থাটির শেল্টার হোমে রাখা হবে। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
















