শেরপুরের নকলায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশের একদিন পর এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিল সে।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে উপজেলার চন্দ্রকোণা ইউনিয়নের চরবাছুর আলগা গ্রামের সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত অন্তি (১৬) ওই গ্রামের দুলাল উদ্দিনের মেয়ে। সে চন্দ্রকোণা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে অন্তি চারটি বিষয়ে অকৃতকার্য হয়। ফলাফল জানার পর থেকে সে গভীরভাবে হতাশ হয়ে পড়ে। মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা বসতঘরের বারান্দায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে নকলা থানা পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, ফলাফল নিয়ে অন্তি খুবই চিন্তিত ও মনমরা ছিল। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পরীক্ষার ফলাফল নিয়ে অন্তি মানসিকভাবে বিপর্যস্ত ছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


















