চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
মৃত শিক্ষার্থীর নাম হালিমা খাতুন তরিকা (১৬)। তিনি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিশবিঘী গ্রামের তরিকুল ইসলামের মেয়ে এবং চাকপাড়া আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলে তরিকা সব বিষয়ে উত্তীর্ণ হলেও ইংরেজি বিষয়ে অকৃতকার্য হন। এরপর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
একপর্যায়ে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম জানান, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে তরিকাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল বলে জানান তিনি। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, এসএসসি পরীক্ষার ফলাফলে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। শিক্ষাবিদ ও মনোবিজ্ঞানীরা বলছেন, পরীক্ষার ফলাফল শিক্ষাজীবনের একটি ধাপ মাত্র।
প্রত্যাশিত ফল না এলেও শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধারণ করা এবং মানসিক সহায়তা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।


















