মাদারীপুরের কালকিনিতে শ্বশুরবাড়ির পারিবারিক দ্বন্দ্ব মেটাতে গিয়ে মো. সিদ্দীক হাওলাদার নামে এক জামাই ও তার পরিবারের সদস্যরা হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় সিদ্দীক হাওলাদারসহ তার পরিবারের অন্তত তিনজন আহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) সকালে কালকিনি পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের ঘরামী বাড়ির ব্রিজের ওপর এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার পাতাবালি গ্রামের বাসিন্দা সিদ্দীক হাওলাদার পাঙ্গাশিয়া গ্রামের হাছেন ঘরামীর মেয়ে রেহেনা বেগমকে বিয়ে করেন। সম্প্রতি তার দুই শ্যালকের মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হলে তিনি বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন এবং দ্বন্দ্ব নিরসনে ভূমিকা রাখেন।
অভিযোগ রয়েছে, এ ঘটনায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সিদ্দীক হাওলাদারের শ্যালক সাজ্জাদ ঘরামী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। এ সময় সিদ্দীক হাওলাদারকে রক্ষা করতে এগিয়ে আসেন তার ছেলে আজিজুল হাওলাদারসহ পরিবারের আরও সদস্যরা। হামলায় তারাও আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত সিদ্দীক হাওলাদারের পুত্রবধূ রোজিনা বেগম বলেন, আমার শ্বশুর ও স্বামীসহ তিনজনকে সাজ্জাদ ঘরামী কুপিয়ে আহত করেছেন। আমরা এ ঘটনার বিচার চাই এবং মামলা করব। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাজ্জাদ ঘরামীর মা বলেন, তার জামাই ও ছেলের সঙ্গে মারামারির ঘটনা ঘটেছে।
কালকিনি থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















