খাগড়াছড়ির সীমান্তবর্তী মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চিকিৎসাবঞ্চিত পাহাড়ি পল্লী চৌধুরীঘাট, ওয়াছু, চরপাড়া ও গকুলপাড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন। সোমবার (৩ আগস্ট) সকালে মাটিরাঙ্গার চৌধুরীঘাট মাঠে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে মানবিক সহায়তা বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান। বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের পাশাপাশি চৌধুরীঘাট, ওয়াছু ও গকুলপাড়ার শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় হেডম্যান, কারবারি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভীর নেতৃত্বে আয়োজিত মেডিকেল ক্যাম্পে চৌধুরীঘাট, ওয়াছু, চরপাড়া ও গকুলপাড়ার দুই শতাধিক চিকিৎসাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। ক্যাম্প চলাকালে উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান। তিনি বলেন, এই অঞ্চলে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বিদ্যমান, তা সত্যিই প্রশংসার দাবিদার। আর্তমানবতার সেবায় দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিনামূল্যে চিকিৎসাসেবা ও ত্রাণসামগ্রী পেয়ে স্থানীয়রা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে মাটিরাঙ্গা জোনের অধিনায়কসহ সেনাবাহিনীর সার্বিক সাফল্য কামনা করেন তারা।
শিরোনাম :
মাটিরাঙ্গার পাহাড়ি পল্লীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও মানবিক সহায়তা
- Update Time : 11:08:33 pm, Monday, 3 August 2026
- 53
Tag :
Popular Post



















