জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে ক্ষতিগ্রস্ত একটি পিচঢালা রাস্তা সংস্কার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সোমবার (৩ আগস্ট) সকালে জেলার কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাগরদাঁড়ী গ্রামের প্রায় ১২০ ফুট দীর্ঘ চলাচলের অনুপযোগী সড়কটি আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জেলা কমান্ড্যান্ট (যশোর) মাজহারুল ইসলাম ভূঁইয়ার দিকনির্দেশনায় এবং কেশবপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলীর সার্বিক তত্ত্বাবধানে এ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়। এতে ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার, দলনেতা-দলনেত্রী এবং সঞ্জীবনী প্লাটুনভুক্ত ভিডিপি সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কার্যক্রমে অংশ নেন ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের দলনেতা মো. আলী হোসেন, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মো. ইয়াসিন আলী, সহকারী প্লাটুন কমান্ডার মো. আনোয়ার হোসেন, ১০নং সাতবাড়িয়া ইউনিয়নের দলনেতা মো. তালিব হোসাইনসহ সঞ্জীবনী প্লাটুনের সদস্যরা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত সড়কটি পুনরায় যান ও পথচারী চলাচলের উপযোগী করে তোলা হয়। রাস্তা সংস্কারের ফলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে কমেছে। এলাকাবাসী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ মানবিক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, জনদুর্ভোগ লাঘব, সামাজিক উন্নয়ন এবং মানবিক সেবামূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাগরদাঁড়ীতে রাস্তা সংস্কারের এ উদ্যোগ বাহিনীর জনবান্ধব ও উন্নয়নমুখী কার্যক্রমের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
শিরোনাম :
সাগরদাঁড়ীতে আনসার-ভিডিপির উদ্যোগে রাস্তা সংস্কার, জনজীবনে স্বস্তি
- Update Time : 10:59:59 pm, Monday, 3 August 2026
- 29
Tag :
Popular Post



















