পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটিতে দুই রুশ নাগরিকের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট এলাকার পাশে অবস্থিত গ্রিনসিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কুদরিন সার্গেই (৫৬)। তিনি রাশিয়ার নাগরিক এবং নিকোলাইয়ের ছেলে। আহত ব্যক্তির নাম মেনচেভ (৫৩)। বর্তমানে তিনি পাবনার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ওই কক্ষে দুই রুশ নাগরিক একসঙ্গে মদপান করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে দুজনই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাবনা এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কুদরিন সার্গেই মারা যান। আহত মেনচেভের চিকিৎসা এখনও চলমান রয়েছে। ওসি আসাদুর রহমান জানান, অতিরিক্ত মদপানের পর সংঘটিত মারামারির ঘটনায় সার্গেইয়ের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রাশিয়ান দূতাবাসের মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কয়েক হাজার দেশি-বিদেশি কর্মী কর্মরত রয়েছেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে গ্রিনসিটিতে বসবাস করলেও দুই বিদেশি কর্মীর সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় প্রকল্প এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
8:20 pm, Tuesday, 4 August 2026
শিরোনাম :
রূপপুরের গ্রিনসিটিতে দুই রুশ নাগরিকের হাতাহাতি, একজনের মৃত্যু
-
MIT ERP
- Update Time : 04:41:03 pm, Monday, 3 August 2026
- 14
Tag :
Popular Post























