ঢাকার কেরাণীগঞ্জে খালার বাসা থেকে ফেরার পথে নিখোঁজ হওয়া তানজিলা (১৭) নামে এক কিশোরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে নিখোঁজ হওয়ার এক দিন পর কেরাণীগঞ্জের কালিন্দী ইউনিয়নের গদারবাগ গ্রিন সিটি-সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তানজিলা বাঘৈর রাজেন্দ্রপুর এলাকার মৃত হাবিব মিয়ার মেয়ে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার কালিন্দীতে খালা জরিনা বেগমের বাসায় যান তানজিলা। সেখানে দুপুরের খাবার খেয়ে বেলা ৩টার দিকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। কিন্তু সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা সম্ভাব্য সব আত্মীয়ের বাড়িসহ বিভিন্ন স্থানে রাতভর খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি তানজিলার। পরদিন সকালে স্থানীয় লোকজন গদারবাগ গ্রিন সিটি-সংলগ্ন বালুর মাঠ এলাকায় এক কিশোরীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে কেরাণীগঞ্জ মডেল থানার পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এর মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তানজিলাকে শনাক্ত করেন তার মা নাছিমা বেগম। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে। কান্নাজড়িত কণ্ঠে নাছিমা বলেন, ‘যারা আমার মেয়েকে এভাবে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ কেরাণীগঞ্জ মডেল থানার এসআই মো. মামুন বলেন, এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের আলামত সংগ্রহ করা হয়েছে। নিহতের চলাফেরা, মোবাইল ফোনের তথ্য এবং সম্ভাব্য সাক্ষীদের বক্তব্যসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর হত্যার কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
9:12 pm, Wednesday, 29 July 2026
শিরোনাম :
কেরাণীগঞ্জে কিশোরীকে গলা কেটে হত্যা
-
MIT ERP
- Update Time : 08:02:17 pm, Wednesday, 29 July 2026
- 3
Tag :






