টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। দীর্ঘদিন ধরেই নিজের প্রেম বা ব্যক্তিগত সম্পর্ককে লাইমলাইটের আড়ালে রেখেছেন তিনি। তবে সাম্প্রতিক কিছু ঘটনা এবং ইন্ডাস্ট্রির অন্দরের জোর গুঞ্জন বলছে, আগামী ৫ ডিসেম্বরই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এই অভিনেত্রী।
সব্যসাচীর স্টোরে উপস্থিতি ও জল্পনার শুরু বিয়ের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লেগেছে সম্প্রতি দক্ষিণ কলকাতায় প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে মিমিকে দেখা যাওয়ার পর। সাদা টি-শার্ট ও ডেনিম পরিহিত অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত স্টাইলিস্ট ও মেকআপ আর্টিস্ট। বলিউড থেকে টালিউডÑ তারকাদের বিয়ের পোশাকের প্রথম পছন্দ সব্যসাচী।
তাই স্টোর থেকে বেরিয়ে স্টাইলিস্টকে মিমির জড়িয়ে ধরার মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল চর্চা। অনেকেরই ধারণা, বিয়ের সাজ চূড়ান্ত করতেই সেখানে হাজির হয়েছিলেন তিনি। টালিপাড়ার গুঞ্জন অনুযায়ী, মিমির হবু বর রুপালি পর্দার জগতের কেউ নন। শোনা যাচ্ছে, পাত্রের নাম সিদ্ধার্থ, যিনি পেশায় ভারতীয় নৌবাহিনীর (মার্চেন্ট নেভি) একজন উচ্চপদস্থ কর্মকর্তা।
দীর্ঘ কয়েক বছর ধরেই তাদের মধ্যে গোপন প্রেমের সম্পর্ক রয়েছে বলে দাবি ঘনিষ্ঠ মহলের। জলপাইগুড়ির মেয়ে মিমির পাহাড়ের প্রতি আলাদা এক ভালোবাসা ও আবেগ কাজ করে। তাই শহরের কোলাহল ও ক্যামেরার ঝলকানি থেকে দূরে, প্রিয় পাহাড়ি পরিবেশেই বিয়ের আসর বসতে পারে বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, চলতি নভেম্বর মাসেই আইনি বিয়ে বা বাগদানের আনুষ্ঠানিকতা সারবেন মিমি ও সিদ্ধার্থ।
এরপর আগামী ৫ ডিসেম্বর পাহাড়ি জেলা কালিম্পংয়ে বসবে মূল বিয়ের আসর। ইতোমধ্যেই দুই পরিবারে শুরু হয়ে গেছে জোর প্রস্তুতি এবং ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছানোর কাজও চলছে। বিয়ের তারিখ, পাত্রের পরিচয় এবং ভেন্যু নিয়ে বিনোদন অঙ্গনে এত আলোচনা চললেও, মিমি চক্রবর্তী বা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
বরাবরের মতোই ব্যক্তিগত বিষয় নিয়ে নীরবতা বজায় রেখেছেন অভিনেত্রী। সব জল্পনা সত্যি করে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মিমি চক্রবর্তী কনের সাজে ধরা দেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন তার অগণিত ভক্ত ও অনুরাগী।





















