কক্সবাজারের সীমান্তবর্তী ও রোহিঙ্গা অধ্যুষিত জনপদ টেকনাফজুড়ে উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে মানব পাচার, অপহরণ ও মাদক চোরাচালানের মতো অপরাধমূলক কর্মকাণ্ড। একদিকে অপহরণের পর জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচার, অন্যদিকে মিয়ানমার থেকে ইয়াবা ও আইসের বড় বড় চালান প্রবেশের ঘটনায় সীমান্তবর্তী এ অঞ্চলের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
দীর্ঘদিন ধরে চলা এসব অপরাধের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে মুক্তিপণ আদায় এবং সংঘবদ্ধ অপহরণকারী চক্রের বেপরোয়া তৎপরতা, যার ফলে টেকনাফের জননিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। অনুসন্ধানে জানা গেছে, উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে নারী, কিশোরী ও তরুণদের নানা প্রলোভন দেখিয়ে কিংবা অস্ত্রের মুখে জোরপূর্বক বের করে এনে পাচার করার চেষ্টা চালাচ্ছে একটি সক্রিয় চক্র।
এ মানব পাচারের সঙ্গে মাদক চোরাচালানের সংযোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে। মানব পাচারের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা ও মাদক পারাপারের ভয়ংকর তথ্যও প্রকাশ পেয়েছে। উপকূলজুড়ে অন্তত ২০টির বেশি ঘাট ও পয়েন্ট মানব পাচার ও মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত হচ্ছে।
এর মধ্যে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ ও দক্ষিণপাড়া ঘাট, শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া, গোলারচর, মিস্ত্রিপাড়া, দক্ষিণপাড়া ও পশ্চিমপাড়া ঘাট; টেকনাফ সদরের মহেশখালীয়া, তুলাতুলী, রেঙ্গুলবিল, মিঠাপানির ছড়া ও হাবিরছড়া ঘাট; এবং সাবরাংয়ের কচুবনিয়ন, কাটাবনাইন, বাহারছড়া, মুন্ডারডেইল, হাদুরছড়া ও কুরাইজ্জাপাড়ার মতো পয়েন্টগুলো সংবেদনশীল হিসেবে চিহ্নিত।
এ ছাড়া পৌর এলাকার নাইট্যংপাড়াও এ সিন্ডিকেটের আওতাধীন। এদিকে গত দুই মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে প্রায় শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষ ও স্থানীয় দালাল আটক কিংবা উদ্ধার হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, এ অপরাধ সিন্ডিকেটের পেছনে অর্ধশতাধিক মূল দালাল ও গডফাদার এবং তাদের সহযোগী হিসেবে প্রায় দুই শতাধিক ব্যক্তি সক্রিয় রয়েছে।
পাচারকারী চক্রের সদস্যরা প্রথমে জনপ্রতি সামান্য অর্থের বিনিময়ে ক্যাম্প থেকে লোকজনকে বের করে এনে নিরাপদ দূরত্বে আটকে রাখে। পরে পরিবারের কাছ থেকে জনপ্রতি তিন থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আদায় করে সমুদ্রপথে ট্রলারে করে মালয়েশিয়ায় পাঠানোর নামে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়। সম্প্রতি মুক্তিপণ দিয়ে মিয়ানমার থেকে দেশে ফিরে আসা টেকনাফের সাবরাংয়ের যুবক ইয়াছিন আরাফাত জানান, তাকে জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে মুন্ডারডেইল ঘাট থেকে ট্রলারে তুলে মিয়ানমারে নিয়ে আটকে রাখা হয়।
পরে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তিনি দেশে ফিরতে পারলেও তার সঙ্গে থাকা অন্যদের পাচার করে দেওয়া হয়। এরই মধ্যে গত বৃহস্পতিবার অপহরণকারী ডাকাত দলের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ নিহত হওয়ার পর সীমান্তবর্তী এ জনপদ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনার পর যৌথ বাহিনীর টানা অভিযানে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৫৬ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হলেও মূল ডাকাত সদস্যরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
সর্বশেষ রোববার গভীর রাতেও টেকনাফের মেরিন ড্রাইভসংলগ্ন সিবিচ উপকূল থেকে পাচারের চেষ্টাকালে নারীসহ আরও ৯ জনকে উদ্ধার করেছে বিজিবি। কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর জানান, সংঘবদ্ধ মানব পাচার চক্র বিভিন্ন প্রলোভন ও বিনা খরচে বিদেশ পাঠানোর আশ্বাস দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের পাহাড়ে এনে জিম্মি করে রাখে।
পরে তাদের নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টা ও সুযোগ বুঝে নৌপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাঠায়। তবে তথ্য পেলেই মানব পাচার রোধে এবং পাচারকারীদের আস্তানা থেকে ভুক্তভোগীদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে চক্রের ট্রলারগুলোর ওপর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। ওসি সাইফুল ইসলাম জানান, মানব পাচারের সঙ্গে জড়িত মাদক কারবারি ও স্থানীয় দালালদের চিহ্নিত করার কাজ চলছে।
মানব পাচারকারীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করলে প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হবে।





















