নব্বইয়ের দশকের শেষভাগ থেকে শুরু করে দুই দশক ধরে বাংলাদেশের শোবিজ জগতে অন্যতম জনপ্রিয় নাম, মোজেজা আশরাফ মোনালিসা। তার মিষ্টি হাসি, চোখ ধাঁধানো গ্ল্যামার আর অনবদ্য অভিনয় কাড়েনি এমন দর্শক খুঁজে পাওয়া ভার।
তবে আকাশচুম্বী এই জনপ্রিয়তার পেছনের গল্পটি শুরু হয়েছিল এক সাধারণ স্কুলপড়ুয়া মেয়ের হাত ধরে, যার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল একটি সাধারণ স্ক্রিন টেস্ট ও মায়ের অদম্য অনুপ্রেরণা। মোনালিসার সংস্কৃতি অঙ্গনে পথচলা শুরু হয়েছিল মূলত নাচের মাধ্যমে। ছোটবেলা থেকেই তার নাচের প্রতি প্রবল ঝোঁক ছিল এবং মায়ের ইচ্ছাতেই ধানমন্ডির বুলবুল ললিতকলা একাডেমিতে (বাফা) নাচের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করেন তিনি।
মাত্র ১০ বছর বয়স থেকেই তিনি নাচ ও শিশু মডেল হিসেবে কাজ শুরু করেন। জাতীয় শিশু একাডেমি থেকে নাচের প্রতিযোগিতায় প্রথম হয়ে সেই শিশু বয়সেই বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে তিনি তুরস্ক সফর করার গৌরব অর্জন করেছিলেন। নাচের জগৎ থেকে যেভাবে তিনি বিজ্ঞাপনচিত্র বা মডেলিংয়ের মূল ধারায় এলেন, সেই গল্পটি বেশ চমকপ্রদ। ১৯৯৭ সালের দিকে মোনালিসার মা একটি বিজ্ঞাপনী সংস্থায় তার কিছু ছবি জমা দেন।
সেখান থেকে একদিন ডাক আসে স্ক্রিন টেস্টের জন্য। মায়ের সঙ্গে মোনালিসা যখন বিজ্ঞাপনী সংস্থায় যান, তখন সেখানে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা ও নির্মাতা তারিক আনাম খান। স্ক্রিন টেস্ট ও ছবি তোলার পর তারিক আনাম খানের জহুরি চোখ ঠিকই চিনে নেয় এই প্রতিভাকে এবং তিনি মোনালিসাকে চূড়ান্তভাবে নির্বাচিত করেন। এরপর তিনি মডেল হন ‘ফেয়ার অ্যান্ড লাভলী’র একটি বিজ্ঞাপনে।
স্কুলজীবনে করা এই একটিমাত্র বিজ্ঞাপনচিত্র টেলিভিশনে প্রচার হওয়ার পর রাতারাতি দেশজুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন মোনালিসা। স্কুলে কিংবা রাস্তায় বের হলে সবাই তাকে এক নামে চিনতে শুরু করে। পরবর্তীতে ২০০০ সালে ‘মিস ফটোজেনিক’ খেতাব অর্জন তার ক্যারিয়ারের পালে নতুন হাওয়া দেয়। মডেলিংয়ে ব্যাপক সফলতার পর মোনালিসার সামনে খুলে যায় অভিনয়ের দুয়ার।
প্রখ্যাত পরিচালক অরুণ চৌধুরীর হাত ধরে ‘কাগজের ফুল’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। সেই নাটকে তার বিপরীতে নায়ক ছিলেনÑ মাহফুজ আহমেদ। প্রথম নাটকেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করে তিনি নির্মাতাদের আস্থার প্রতীক হয়ে ওঠেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। হুমায়ূন আহমেদের ‘তৃষ্ণা’, কিংবা জনপ্রিয় সিরিজ ‘সিকান্দার বক্স’-এর মতো অসংখ্য নাটকে অভিনয় করে তিনি দর্শকদের ভালোবাসার শীর্ষে পৌঁছান।
সেই সময়ের তুমুল জনপ্রিয়তার কথা স্মরণ করে মোনালিসা জানান, তার বাসার ঠিকানায় শত শত ভক্তের চিঠি আর উপহার আসত, যার বেশির ভাগই ছিল প্রেম ও প্রশংসায় ভরা। ক্যারিয়ারের শীর্ষ সময়ে থাকা অবস্থায় ২০১২ সালে বিয়ের পর তিনি প্রবাস জীবন বেছে নেন এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন। তবে অভিনয় ও মডেলিংয়ের সেই সোনালি অতীত আর তার সেই চিরচেনা মিষ্টি হাসি আজও এদেশের দর্শকদের মনে অম্লান হয়ে আছে।





















