হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রীয় ভান্ডার শাখার স্টোর রুম থেকে তিনটি বড় ডেকচি হারিয়ে যাওয়ার ঘটনায় কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে স্টোর রুমের আশপাশ ও সম্মুখে ছয়টি সিসিটিভি ক্যামেরা স্থাপিত থাকলেও এখনো ফুটেজ পর্যালোচনা না হওয়ায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
কেন্দ্রীয় ভান্ডার শাখা সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর বেগম রোকেয়া হল থেকে চারটি পুরোনো বড় ডেকচি গ্রহণ করে স্টোর রুমের বাউন্ডারির ভেতরে দরজার পাশে রাখা হয়। পরবর্তীতে বাউন্ডারির গেটে তালা লাগিয়ে স্থানটি সুরক্ষিত করা হয়। দুর্গাপূজার ছুটি শেষে ২৫ অক্টোবর স্টোর রুম খুলে দেখা যায়, চারটির মধ্যে মাত্র একটি ডেকচি রয়েছে।
বাকি তিনটি ডেকচি খুঁজে পাওয়া যায়নি। একই দিন কেন্দ্রীয় ভান্ডার শাখা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবহিত করে। ভান্ডার শাখা আরও জানায়, পূজার ছুটির আগে গত ১৫ অক্টোবর স্টোর রুম, অডিটোরিয়াম ও ভান্ডার শাখার নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা শাখার কাছে লিখিত নোটিশ প্রদান করা হয়েছিল। নিরাপত্তা শাখার একটি সূত্র জানায়, ছুটির সময় ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছিল।
নিরাপত্তারক্ষীরা ক্যাম্পাসের গেট দিয়ে ডেকচির মতো বড় কোনো বস্তু বাইরে নিয়ে যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করেননি। এ ছাড়া কেন্দ্রীয় ভান্ডার শাখার স্টোর রুম ও বাউন্ডারির গেটের তালাও অক্ষত রয়েছে, অর্থাৎ কোথাও তালা ভাঙার কোনো আলামত পাওয়া যায়নি। তাদের ধারণা, হয় শাখা সংশ্লিষ্ট কোনো কর্মচারী চাবি দিয়ে তালা খুলে ডেকচি সরিয়েছে অথবা প্রাচীরের উঁচু ওয়াল টপকিয়ে ডেকচি গুলো বের করা হয়েছে।
তবে ঘটনার পরও এখন পর্যন্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়নি। নিরাপত্তা শাখা জানায়, দায়িত্বপ্রাপ্ত প্রক্টরের উপস্থিতিতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে। চুরির অভিযোগের পরও কেন এখনো সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়নি এবং তদন্তে বিলম্ব হচ্ছে কি না, এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম বলেন, এ বিষয়ে আমি বিস্তারিত জানি না।
সিসিটিভি চেক করার জন্য বলা হয়েছে। এখনো চেক করা হয় নাই। দেখি আজ সন্ধ্যায় চেক করব। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।





















