প্রায় আড়াই বছর ধরে অলস পড়ে আছে দেশের সব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার জন্য দেয়া সরকারি গাড়ি। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকায় নষ্ট হচ্ছে অনেক গাড়ি। এছাড়া, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করতেও ভোগান্তিতে পড়েছেন কর্মকর্তারা।
স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচির আওতায় ২০১৮ সালে ৪৯৩টি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের গাড়ি বরাদ্দ দেয় সরকার। ২০২৪ সালে সে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই অলস পড়ে আছে গাড়িগুলো। ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে টাঙ্গাইলের ১২ উপজেলার কর্মকর্তার গাড়ি।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তেন মং বলেন, ‌‘প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর থেকে বন্ধ রক্ষণাবেক্ষণ খরচ, জ্বালানি বরাদ্দ এবং চালকদের বেতন। পটুয়াখালীর ৭ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের অনেকে ব্যক্তিগত উদ্যোগে গাড়ি সচল রাখার চেষ্টা করছেন।’
একই অবস্থা দিনাজপুরের ১৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর অনেক চালকই অন্য কাজে যোগ দিয়েছেন। তবে, চাকরি স্থায়ী হওয়ার আশ্বাসে আড়াই বছর ধরে বিনা বেতনে কাজ করছেন অনেকেই। অনেক পরিবহন নেতাও এ বাবদ টাকা নিয়েছেৱ বলেও অভিযোগ তাদের। দিনাজপুরের সিভিল সার্জন গোলাম রসুল রাখি বলেন, ‘মাঠ পর্যায়ের স্বাস্থ্য সেবা কার্যক্রম বেগবান করতে সরকারি বরাদ্দ দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।’
নিরাপত্তা ও মাঠপর্যায়ে সেবা নিশ্চিতে দ্রুত সংকট সমাধানের দাবি স্বাস্থ্য কর্মকর্তাদের।
























