‘যেভাবে শিখেছি বাংলা, সেভাবে শিখব ইংরেজি’—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহজে ইংরেজি শেখার পদ্ধতি ‘ব্লুমিং ক্লাসরুম’ চালু হচ্ছে।
আনন্দময় পরিবেশে পাঠদানের মাধ্যমে মাত্র তিন মাসে শিক্ষার্থীদের ইংরেজি পড়ার সক্ষমতা তৈরির লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়গুলোর শিক্ষকদের মধ্যে ব্লুমিং ক্লাসরুমের শিক্ষা উপকরণ বিতরণ ও অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মডেল মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু তালেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া। ব্লুমিং ক্লাসরুম পদ্ধতির উদ্ভাবক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা এ পদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরেন। কর্মশালায় জানানো হয়, প্রচলিত মুখস্থনির্ভর শিক্ষাপদ্ধতির পরিবর্তে শিক্ষার্থীদের বাংলা ভাষা শেখার স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করে ইংরেজি শেখানো হবে।
শিশুরা যেভাবে সহজাতভাবে বাংলা ভাষা শিখেছে, একই ধারায় খেলাধুলা, আনন্দ ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে ইংরেজি শেখার সুযোগ পাবে। এতে ইংরেজি ভাষার প্রতি ভীতি দূর হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ পদ্ধতির অন্যতম লক্ষ্য হলো তিন মাসের মধ্যে শিক্ষার্থীদের ইংরেজি পড়ার সক্ষমতা তৈরি করা।
এ জন্য শ্রেণিকক্ষে নির্ধারিত শিক্ষা উপকরণ ব্যবহার করে পাঠদান করা হবে। ৫৪টি বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার ভিত্তি আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।





















