ব্রাহ্মণবাড়িয়ায় অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামকে পুনর্বহালের দাবি ও সদর উপজেলাকে বিভক্তিকরণ ষড়যন্ত্রের প্রতিবাদে সড়কপথ ও রেলপথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। রোববার কোড্ডা কেবিন এলাকায় বাসুদেব ইউনিয়নবাসীর ব্যানারে রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ এ দুটি রেলপথে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর, সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কিছু ট্রেনের নির্দিষ্ট সময়ে যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে। স্থানীয়রা জানায়, গত মে মাসে বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম- কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল গ্রাম ভেঙে বরিশল নামে নতুন ইউনিয়ন গঠন করে আখাউড়ার সঙ্গে যুক্ত এবং ৪ জুন গেজেট প্রকাশিত হয়।
বাসুদেব ইউনিয়নবাসী শুরু থেকেই বিষয়টির প্রতিবাদ করলেও সুরাহা মেলেনি। সম্প্রতি তিনটি ইউনিয়ন বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়ায় যুক্ত করা বরিশল ইউনিয়নের সঙ্গে যুক্ত করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা করার প্রস্তাব করা হয়। যার নেপথ্যে কাজ করছেন জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া। তার আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দাপ্তরিক চিঠি পাঠিয়েছে।
বিষয়টি প্রকাশ পাওয়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে স্থানীয় জনতা। ওসি খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। যানমালের কোনো ক্ষতি যাতে না হয় সেজন্য পুলিশ দায়িত্ব পালন করছে।





















