মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ নভেম্বর) শহরের শমসেরনগর রোড এলাকায় জেলা প্রশাসনের পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে আনন্দ ফুডকে ৫০ হাজার টাকা এবং মেঘবাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে খাদ্যদ্রব্য উৎপাদন ও প্রস্তুতের ক্ষেত্রে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ, স্যাঁতসেঁতে স্থান এবং স্বাস্থ্যসম্মত পরিবেশের ঘাটতি পাওয়া যায়। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর দীপংকর ব্রহ্মচারী উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের খাদ্য উৎপাদন, প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।






















