সরকারিভাবে কোনো অভিবাসন খরচ ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এই নিয়োগ কার্যক্রমটি পরিচালনা করবে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত বোয়েসেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে ১১২ জন কর্মী নেওয়া হবে। নির্বাচিতদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
চাকরির চুক্তির মেয়াদ থাকবে তিন বছর। এ সময় সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘণ্টা করে কাজ করতে হবে। পাশাপাশি কর্মীদের জন্য ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের সুবিধা নিশ্চিত করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। বোয়েসেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে: https://employee.oep.gov.bd/employee/registration। নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে সফটওয়্যারের মাধ্যমে লটারি করে ৩০০ জন প্রার্থীকে প্রাথমিকভাবে বাছাই করা হবে। এরপর কারিগরি ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগকারী প্রতিষ্ঠান চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করবে। বোয়েসেল স্পষ্টভাবে জানিয়েছে, এই নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীদের অর্থ খরচ করতে হবে না।
তাই নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

























