চার বছর আগে টালিউডের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল জিতের অ্যাকশন সিনেমা রাবণ। সেই সময় সিনেমাটি মূলত বাংলা দর্শকের কাছেই পৌঁছেছিল। কিন্তু চার বছর পর ডিজিটাল প্ল্যাটফর্মে হিন্দি ডাবিংয়ের হাত ধরে সিনেমাটি যেন নতুন করে নিজের দর্শক খুঁজে পেয়েছে।
জিতের প্রযোজনা সংস্থার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হিন্দি সংস্করণ মাত্র ছয় দিনেই পেরিয়ে গেল ৮০ লাখ ভিউয়ের গ-ি। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১৫ লাখ দর্শক দেখেছেন সিনেমাটি। ২০২২ সালে কলকাতায় মুক্তি পাওয়া ‘রাবণ’-এ জিতকে দেখা গিয়েছিল একেবারে হাই-অকটেন অ্যাকশন অবতারে। বাংলা সিনেমার জগতে চার বছর আগে শুরু হয়েছিল ‘রাবণ’-এর সফর।
এবার সেই সিনেমাই হিন্দি ভাষায় ডাব হয়ে ইউটিউবে পৌঁছে যাচ্ছেÑ বাংলার বাইরের দর্শকের কাছে। আর সেই যাত্রার শুরুতেই মিলেছে নজরকাড়া সাড়া। সিনেমার এই অভূতপূর্ব ডিজিটাল সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি জিৎ। হিন্দিতে ডাব করে সিনেমাটিকে আরও বড় দর্শকসমাজের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা যে কাজ করবে, সেই বিশ্বাস আগে থেকেই ছিল তার।
জিতের কথায়, ‘আমাদের একটা দৃঢ় বিশ্বাস ছিল, এই হাই-অকটেন অ্যাকশন ড্রামাটি যদি হিন্দিতে ডাব করে আরও বড় দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায়, তা হলে হিন্দিভাষী বাজারেও সিনেমাটি জায়গা করে নিতে পারবে। প্রথম কয়েক দিনেই ইউটিউবে যে ধরনের সাড়া পেয়েছি, তা সত্যিই অত্যন্ত উৎসাহজনক।





















