ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে গতকাল শনিবার যোগদান করেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক। অর্থনীতি, গবেষণা, উন্নয়ন এবং জননীতি নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে তার, যা ব্র্যাক ব্যাংকের প্রবৃদ্ধি ও উৎকর্ষের যাত্রায় এক নতুন মাত্রা যোগ করবে।
ব্যাংকের পরিচালনা পর্ষদে তাকে স্বাগত জানিয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, ব্র্যাক ব্যাংক যখন প্রবৃদ্ধি ও রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ধাপে পদার্পণ করছে, তখন শক্তিশালী সুশাসনব্যবস্থা এবং কৌশলগত তদারকি আমাদের জন্য অত্যন্ত জরুরি। গবেষণা, উন্নয়ন, শিক্ষা এবং নীতি নির্ধারণী ক্ষেত্রে ড. রাজ্জাকের ব্যাপক অভিজ্ঞতা আমাদের বোর্ডকে আরও সমৃদ্ধ করবে।
ব্যাংকের কৌশলগত পরিকল্পনা তৈরিতে সাহায্য করবে। তার মূল্যবান দিকনির্দেশনা আমাদের ব্যাংকের সুশাসন কাঠামোকে আরও শক্তিশালী করতে এবং স্টেকহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদি ভ্যালু তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশে ও বিদেশে শীর্ষস্থানীয় নেতৃত্ব ও ব্যবস্থাপনায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি বর্তমানে ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েটে দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। যার মধ্যে হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড পলিসি অন্যতম। সেখানে তিনি বাণিজ্য নীতি ও গ্লোবাল অ্যাডভোকেসি বিষয়ে কমনওয়েলথের কাজের নেতৃত্ব দেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন। তিনি সাব-সাহারা আফ্রিকা, দক্ষিণ এশিয়া, ক্যারিবিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতিসহ বহু দেশীয় গবেষণা ও কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছেন।
এর পাশাপাশি তিনি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন, নীতি বিশ্লেষণ এবং সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমেও যুক্ত রয়েছেন। ড. রাজ্জাক বিভিন্ন দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সাথে কাজ করেছেন। তিনি বেশ কয়েকবার জি-২০ ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের সামনে টেকনিক্যাল প্রেজেন্টেশন দিয়েছেন। এ ছাড়া যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব লর্ডস এবং হাউস অব কমন্সের কমিটিগুলোর সামনে এভিডেন্স উপস্থাপনের জন্য তিনি আমন্ত্রিত হয়েছেন।
বাংলাদেশে প্রধান প্রধান উন্নয়নমূলক চ্যালেঞ্জগুলোর ওপর গবেষণা, নীতি বিশ্লেষণ এবং জননীতি সংলাপে ড. রাজ্জাক দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। বিজ্ঞপ্তি।



















