বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়নের জন্য সর্বোচ্চ ৫০০ কোটি টাকার রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার পিএলসির পরিচালনা পর্ষদ।
এদিকে, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের মুনাফা কমেছে। গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে বিষয়টি জানিয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার। কোম্পানি কর্তৃপক্ষ জানায়, তাদের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রেফারেন্স শেয়ার ইস্যুর আগে কোম্পানির শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে।
পাশাপাশি এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনও প্রয়োজন হবে। কোম্পানিটি আরও জানিয়েছে, বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়নের উদ্দেশ্যেই এই প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে; অর্থাৎ নতুন করে তহবিল সংগ্রহ করে কোম্পানির বর্তমান ঋণের অর্থায়ন কাঠামো পুনর্বিন্যাস করা হবে। এদিকে কোম্পানির স্মারক ও সংঘবিধি সংশোধনের সিদ্ধান্তও নিয়েছে পরিচালনা পর্ষদ।
তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন হবে। শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং বিএসইসির সম্মতি পাওয়ার পরই প্রেফারেন্স শেয়ার ইস্যুর পরবর্তী কার্যক্রম শুরু করবে অ্যাপেক্স ফুটওয়্যার। এদিকে, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের মুনাফা কমেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭ টাকা ৯১ পয়সা।
আগের অর্থবছরে ইপিএস ছিল ৮ টাকা ৬২ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা ৭১ পয়সা বা ৮ দশমিক ২৪ শতাংশ কমেছে। মুনাফা কমার সঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশও কমিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার ঘোষণা করা হয়েছে। আগের অর্থবছরে কোম্পানিটি ২৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল; অর্থাৎ এক বছরের ব্যবধানে নগদ ও বোনাসÑ দুই ধরনের লভ্যাংশই ১০ শতাংশ হারে কমানো হয়েছে।


















