কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী ১ হাজার ২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া প্রায় ২৫০ কেজি মোটা তামার বৈদ্যুতিক তার উদ্ধার করেছে আনসার ব্যাটালিয়ন (১ বিএন)।
উদ্ধার করা তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে বিদ্যুৎকেন্দ্রের সেভেন জেটি এলাকা থেকে কয়েকজন ব্যক্তি বৈদ্যুতিক তার নিয়ে বের হওয়ার সময় বিষয়টি নজরে আসে সেখানে দায়িত্ব পালনরত কক্সবাজার আনসার ব্যাটালিয়ন (১ বিএন)-এর সিপাহি মো. মোশাররফ হোসেনের। বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে মেইন গেটে দায়িত্বে থাকা সিপাহি আব্দুল জলিলকে সঙ্গে নিয়ে সন্দেহভাজনদের আটক এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু করেন।
আনসার সদস্যদের ধাওয়া খেয়ে ওই ব্যক্তিরা বৈদ্যুতিক তারগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ২৫০ কেজি মোটা তামার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। উদ্ধার করা তারগুলো পরবর্তীতে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়নের সদস্যরা জাতীয় সংসদ ভবন, বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্রসহ দেশের গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি অপরাধ প্রতিরোধে নিয়মিত নজরদারি ও তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে এসব স্থাপনার নিরাপত্তা ও সম্পদ সুরক্ষায় ভূমিকা রাখছেন।



















