চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে সাত দিনের বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে প্রশাসন। এ কর্মসূচির আওতায় মশক নিধন, মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সীতাকুণ্ড পৌরসভা এলাকায় এ বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রশাসন সূত্রে জানা যায়, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়ন থেকে ১০ নম্বর সলিমপুর ইউনিয়ন পর্যন্ত টানা সাত দিন এ বিশেষ অভিযান পরিচালিত হবে। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় জমে থাকা পানি অপসারণ, মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এর পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র‍্যালি ও প্রচার-প্রচারণা চালানো হয়। কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, পৌরসভার কর্মীসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় সীতাকুণ্ডে মাদক নিয়ন্ত্রণেও প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।



















