চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ নুরুল কবির নামে এক যাত্রীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের উজিরপুর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান চালানো হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ সিপিএসসি কোম্পানির একটি দল উজিরপুর এলাকায় অবস্থান নেয়। পরে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘পূরবী পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের একটি সিটে থাকা যাত্রী নুরুল কবিরের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক নুরুল কবির লোহাগাড়া এলাকা থেকে ওই বাসে উঠেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এসআরবি-৭ সিপিএসসি কোম্পানির অধিনায়ক ক্যাপ্টেন আবদুল আওয়ালের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসআরবি-৭ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদকের উৎস ও পাচারচক্রের সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তী ব্রিফিংয়ে জানানো হবে।



















