চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোরবান আলী রিফাত (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এর ফলে গত ১০ দিনে এই উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই শিশুসহ মোট চারজনের প্রাণহানির ঘটনা ঘটল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়। নিহত রিফাত উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাজলীপাড়া গ্রামের মো. ইউনুসের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার জ্বরে আক্রান্ত হয় রিফাত। সোমবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিআইডিআইটি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। পরে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত ৮ সেপ্টেম্বর উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা গ্রামে মো. মোজাহিদুল ইসলাম নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। ১৫ সেপ্টেম্বর ভাটিয়ারী এলাকার রাফসান নামে এক যুবক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান।
সর্বশেষ ১৭ সেপ্টেম্বর সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার পাঁচ বছর বয়সী শিশু মনিরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সীতাকুণ্ড উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪২৭ জন। পরপর মৃত্যুর ঘটনায় সীতাকুণ্ডে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


















