গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
সকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এর আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসে জড়ো হন। সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন। এ সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও বক্তব্য রাখেন। লংমার্চের পথে গাজীপুরের ভোগড়া বাইপাস, টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস রোড, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালির বিমান মোড় এবং গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা করার কথা রয়েছে।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া লংমার্চকে স্বাগত জানাতে বিভিন্ন স্থানে স্থানীয়রা সড়কের পাশে অবস্থান করলে তাদের অনুরোধে নেতারা সেখানে বক্তব্য দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
তাদের ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটের সমাধান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। একই সঙ্গে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিও রয়েছে। পরবর্তী সময়ে দাবির তালিকায় দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ এবং উত্তরাঞ্চলের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টিও যুক্ত করা হয়।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানিয়েছেন। এর আগে ছয় দফা দাবিতে গত ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি পালন করে বর্তমান বিরোধী দলগুলোর জোট। আয়োজকদের ভাষ্য, ওই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে এবারও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার ও প্রশাসনের সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন আয়োজকরা। ১১ দলীয় ঐক্যের নেতারা আশা করছেন, আগের কর্মসূচির তুলনায় এবার লংমার্চে আরও বেশি মানুষের সমাগম হবে।




















