বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের জামথল টেকনিক্যাল অ্যান্ড বিএমটি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এ এস এম রফিকুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ ২৫ বছরের কর্মজীবন শেষে তাকে এই ব্যতিক্রমী ও রাজকীয় সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় মানুষের ভালোবাসায় সিক্ত হন অধ্যক্ষ রফিকুল ইসলাম। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, প্রভাষক আলতাফুর রহমান, জামথল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, জামথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম রিপন, ইউনিয়ন বিএনপির নেতা শাকিল, ছাত্রনেতা ওয়াকিল, মুহতামিম জুনাইদ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের গ্রন্থাগারিক শেখ তাইজুল ইসলাম তারা। অনুষ্ঠান শেষে কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া বিদায়ি অধ্যক্ষকে সম্মান জানাতে হাতির পিঠে চড়ে রাজকীয়ভাবে নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় কলেজ কর্তৃপক্ষ। বর্তমানে তিনি কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এই ব্যতিক্রমী বিদায়লগ্নে এলাকার শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















