ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। এতে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। দুর্ঘটনার পর বাসটি প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা লেগে উল্টে যায়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে একটি মাহিন্দ্রা দাঁড়িয়ে ছিল। একই সময়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা।
এ সময় একই দিক থেকে আসা ইউনাইটেড পরিবহনের বাসটি প্রথমে দাঁড়িয়ে থাকা মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। এরপর সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গেও বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সবাই মাহিন্দ্রা ও সিএনজির যাত্রী বলে জানা গেছে। দুর্ঘটনার বিষয়ে বাসের যাত্রী বৃষ্টি আক্তার জানান, চলন্ত অবস্থায় বাসচালক হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন।
এতে বাসটির নিয়ন্ত্রণ চলে যায়। পরে চালকের সহকারী বাসটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলেও সফল হননি। মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দেওয়ার পর বাসটি মহাসড়কের পাশের প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে আঘাত করে। পরে বাসটি উল্টে যায়।





















