সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই তিন মাস ডেঙ্গুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়। এই সময়ের মধ্যে ডেঙ্গু পরিস্থিতির মারাত্মক অবনতি হতে পারে। তাই ডেঙ্গু মোকাবিলায় প্রতিদিন পাঁচ মিনিট সময় দিতে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করার পাশাপাশি এর বিস্তারিত তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী।
তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর চিকিৎসা করে পরিস্থিতি মোকাবিলা করার চেয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করে আগেই এটি প্রতিরোধ করা সম্ভব। ঘরে এসির পেছনে জমে থাকা পানি, বিভিন্ন পাত্রে জমে থাকা পানি কিংবা আশপাশের গর্তে জমে থাকা পানি থেকে এডিসের লার্ভা তৈরি হয়। তাই এসব জায়গা পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব যখন এমন বক্তব্য দিচ্ছেন তখন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যুর খবর।
নতুন আরও ১ হাজার ৭৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাই পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গতকাল বুধবার সরকারের গত এক মাসের কার্যক্রম নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সংবাদ সম্মেলনে ডেঙ্গু বিষয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, গত সপ্তাহে স্কাউটস, কর্মী ও স্বেচ্ছাসেবকদের সামনে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
ডেঙ্গু প্রতিরোধে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ওই আহ্বানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, মানুষ যদি প্রতিদিন পাঁচ মিনিট সময় দেয় এবং প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে ঘরে ও আশপাশে ময়লা পানি জমতে না দেয় তাহলে ডেঙ্গুর মরণঘাতী পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া সম্ভব। মুখপাত্র সালেহ শিবলী বলেন, মন্ত্রী, গণমাধ্যমকর্মী কিংবা সাধারণ মানুষ— মশা কাউকে আলাদা করে চেনে না।
তাই ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। সবাই যদি আজ থেকেই নিজের চারপাশ পরিষ্কার করা শুরু করেন, তাহলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এদিন স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫৩ জন।
এ নিয়ে চলতি বছর ১৭১ জনের মৃত্যু হয়েছে। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৬ হাজার ৯১৬। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৮৬, চট্টগ্রাম বিভাগে ১৭৭, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৪, খুলনা বিভাগে ৩৪৯, ময়মনসিংহ বিভাগে ৮৩, রংপুর বিভাগে ৫৩ এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।



















