কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে বঙ্গভবনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, অধিক মাত্রায় ও অপ্রয়োজনীয় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ভয়াবহ ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে কৃষকদের সজাগ ও সতর্ক করতে কৃষি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেকসই ও আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে কার্যকর প্রয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষিচর্চায় গুরুত্ব দেন। তিনি কৃষিশিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমেও নিবিড় সমন্বয় প্রতিষ্ঠার তাগিদ দেন।


















