দেড় মাসের বেশি সময় পর দেশে বেড়েছে গ্যাসের সরবরাহ। সরকারের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে ২৬২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।
পেট্রোবাংলার তথ্য বলছে, জাতীয় গ্রিডে মোট গ্যাসের মধ্যে বড় একটি অংশ ১৬২ কোটি ঘনফুট আসছে দেশীয় উৎস থেকে। ঘাটতি পূরণে এলএনজি থেকে সরবরাহ হচ্ছে ১০০ কোটি ঘনফুট। গতকাল রাত থেকেই এলএনজি সরবরাহ বাড়ার ফলে জাতীয় গ্রিডে গ্যাস পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হতে শুরু করে।
এদিকে সরবরাহ বাড়ায় দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে কারখানাগুলোতে গ্যাসের চাপ কিছুটা বেড়েছে। সাভার, আশুলিয়া, চট্টগ্রাম, নরসিংদীর শিল্প-কারখানায় ফিরতে শুরু করেছে স্বস্তি। তবে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি গাজীপুরে।
মাত্র দুই দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। সিএনজি ফিলিং স্টেশনসহ কোনো কোনো এলাকার আবাসিকেও গ্যাসের চাপ তুলনামূলক বাড়ছে।


















