বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব বিজনেসের উদ্যোগে পিএইচডি গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের টিচার লাউঞ্জে ১৯ আগস্ট বুধবার অনুষ্ঠিত সেমিনারে দুইজন পিএইচডি গবেষক তাঁদের চলমান গবেষণার বিষয়বস্তু, গবেষণাপদ্ধতি ও বিশ্লেষণধারা উপস্থাপন করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন পিএইচডি সেমিনার কমিটির আহ্বায়ক ও স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. মঈনুল ইসলাম। বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির প্রফেসর ড. ইকরামুল হক। এ সময় স্কুল অব বিজনেসের অন্যান্য শিক্ষকও উপস্থিত ছিলেন। গবেষক আসাদুজ্জামান Impact of Service Quality on Patient Satisfaction in Rural Healthcare Services in Bangladesh শীর্ষক গবেষণা উপস্থাপন করেন। এতে গ্রামীণ স্বাস্থ্যসেবার মান ও রোগীর সন্তুষ্টির সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। অপর গবেষক মোহাম্মদ হাফিজুর রহমান The Mediating Role of Employee Engagement শীর্ষক গবেষণা উপস্থাপন করেন। এতে সরকারি বাণিজ্যিক ব্যাংকে ক্ষতিপূরণ ব্যবস্থাপনা, কর্মীর সম্পৃক্ততা ও চাকরিসন্তুষ্টির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয়। সেমিনারে শিক্ষক ও বিষয় বিশেষজ্ঞরা গবেষণার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ দেন।















