রাজধানীর আফতাবনগরে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আফতাবনগরের এম-ব্লকের ৫ নম্বর সেক্টরের ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ বলছে, গুলিবিদ্ধ মো. এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০) ডাকাত দলের সদস্য। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযানে থাকা গুলশান ডিবির পরিদর্শক আনোয়ার বলেন, ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে–এমন গোপন সংবাদে আমরা সেখানে রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালাই। ডিবির উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্য পাভেল নিজের পিস্তল বের করে আমাদের লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে।
তিনি বলেন, আত্মরক্ষা ও জানমালের নিরাপত্তায় আমরা পাল্টা এক রাউন্ড শর্টগানের গুলি ছুড়লে পাভেলের ডান পায়ের হাঁটুর নিচে বিদ্ধ হয়। পরে আমরা তাকে আটক করি এবং তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করি।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আহত অবস্থায় পাভেলকে উদ্ধার করে রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন। বাড্ডা থানায় মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আহত পাভেল ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বাকেরগঞ্জ গ্রামের আবু সাদেক সর্দার বাদলের ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকায় বাস করেন।

















