১৫ আগস্ট শোক দিবস পালনের প্রস্তুতি সভা থেকে নারায়ণগঞ্জ যুবলীগ ও ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের যুবলীগ ও ছাত্রলীগের সদস্য। প্রস্তুতি সভায় আরও কয়েকজন শীর্ষ নেতার উপস্থিত থাকার কথা থাকলেও তারা সেখানে আসেননি। পুলিশ জানায়, ১৫ আগস্ট উপলক্ষে শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিলের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা বসুন্ধরা আবাসিক এলাকার ওই ফ্ল্যাটে সমবেত হয়েছিলেন। এ সময় তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিলেন। পরে ভাটারা থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের প্রায় সবাই সাদা পাঞ্জাবি পরিহিত ছিলেন।















