পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর পুত্রবধূ নাসরিন নাহার বেগম (১৮) গত চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। কলেজে পরীক্ষা দিতে গিয়ে ওই গৃহবধূ নিখোঁজ হন।
এ ঘটনায় পরিবারের স্বজনরা ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জানা গেছে, গত ৯ আগস্ট শ্বশুরবাড়ি থেকে এইচএসসি (বিএম শাখা) পরীক্ষা দিতে উপজেলার আমান উল্লাহ কলেজ পরীক্ষা কেন্দ্রে যান গৃহবধূ নাসরিন। কিন্তু পরীক্ষা হলে না গিয়ে রহস্যজনকভাবে তিনি নিখোঁজ হন। নিখোঁজের চার দিন পার হলেও পুলিশ অনুসন্ধান চালিয়েও তার সন্ধান করতে পারেনি। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর শাশুড়ি মনোয়ারা বেগম ঘটনার দিন ৯ আগস্ট ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২ মে ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর ছেলে সজল আমীনের সঙ্গে নাসরিনের বিয়ে হয়। তিনি উপজেলার আমান উল্লাহ কলেজে পড়ালেখা করছিলেন। এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, নিখোঁজ গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছে।


















