বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকায় একটি মিশ্রি তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব ও প্রশাসন। এ সময় সেখান থেকে নিষিদ্ধ টেক্সটাইল রং, নোংরা পরিবেশে তৈরি শিশুখাদ্য এবং পচা ও পোকায় আক্রান্ত বিপুল পরিমাণ মিশ্রি জব্দ করা হয়।
পরে প্রায় ১০ মণ পচা ও পোকাযুক্ত মিশ্রি জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বগুড়া সদর থানার বৃন্দাবনপাড়ার ‘পূজা মিশ্রি ঘর’ কারখানায় এ অভিযান চালানো হয়। র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়া, বগুড়া জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, কারখানাটিতে নিষিদ্ধ টেক্সটাইল রং মিশিয়ে শিশুখাদ্য তাল মিশ্রি তৈরি করা হচ্ছিল। পাশাপাশি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বাতাসা ও সাদা মিশ্রি উৎপাদন এবং নকল মোড়কে তাল মিশ্রি বাজারজাতের প্রস্তুতি চলছিল। শুধু তাই নয়, কারখানায় পচা ও পোকায় আক্রান্ত মিশ্রি পুনরায় ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখা হয়েছিল।
অভিযানের সময় এসব মিশ্রি জব্দ করা হয়। এ ঘটনায় মোবাইল কোর্টের মামলা নম্বর ১৩৭/২০২৬-এর মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় কারখানার মালিক সুমা সরকারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বগুড়া সদর উপজেলার শিববাটি এলাকার বাসিন্দা। পরে জব্দ করা আনুমানিক ১০ মণ পচা ও পোকাযুক্ত মিশ্রি বিধি অনুযায়ী জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১২ সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ। মোবাইল কোর্ট পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো. রাসেল মিয়াও অভিযানে অংশ নেন। র‌্যাব জানিয়েছে, জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল খাদ্য বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


















