কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিনিধি দলটি উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। এ সময় তারা প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। শুক্রবার দুপুর ১২টার দিকে সার্জিও গরের নেতৃত্বে ১৪ সদস্যের মার্কিন প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে তারা সরাসরি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। দুপুর ২টার দিকে প্রতিনিধি দলটি উখিয়ার ৮-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে ওয়াচ টাওয়ার থেকে ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। প্রায় ২০ মিনিট পর্যবেক্ষণের পর তারা ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) পরিচালিত হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি রোগী, চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন। পরে বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিনিধি দলটি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) পরিচালিত নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করে। সেখানে তারা নিবন্ধন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর বিকেল সোয়া ৪টার দিকে প্রতিনিধি দলটি উখিয়ার ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করে। এ সময় তারা খাদ্য বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেন। ক্যাম্প পরিদর্শন শেষে বিকেল পৌনে ৫টার দিকে প্রতিনিধি দলটি উখিয়া উপজেলা সদরের নর্থ এন্ড ক্যাফেতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়। বৈঠকে সার্জিও গর, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনসহ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র সর্বোচ্চ দাতা দেশ হিসেবে সহায়তা দিয়ে আসছে। মূলত যুক্তরাষ্ট্রের দেওয়া অনুদান কীভাবে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় ব্যবহৃত হচ্ছে, তা সরেজমিনে দেখতে প্রতিনিধি দলটি এই সফর করেছে। তিনি জানান, প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এদিকে সফরকালে রোহিঙ্গারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের তত্ত্বাবধানে নিরাপত্তা, মর্যাদা এবং নাগরিক অধিকার নিশ্চিত করে নিজ দেশে প্রত্যাবাসনের দাবি জানান। এ সময় তারা সড়কের পাশে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন দাবি তুলে ধরেন। রোহিঙ্গাদের ভাষ্য, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের নিশ্চয়তা পেলে তারা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে প্রস্তুত। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় মার্কিন প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করে। তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান সার্জিও গর। সফরের শেষ দিনে শনিবার প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে তাঁর বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।
1:11 am, Saturday, 1 August 2026
শিরোনাম :
রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের
-
MIT ERP
- Update Time : 10:45:57 pm, Friday, 31 July 2026
- 4
Tag :














